
ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন জানান, ২০২৪ সালের অধ্যাদেশ অনুযায়ী ব্যক্তি পর্যায়ে এই ছয়জনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আব্দুস সালামকে। তিনি এক সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন এবং সর্বশেষ সংসদ নির্বাচনে দলের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান। তিনি গত সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তিনি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং এবারের নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি এবারের নির্বাচনে সিলেট-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। এর আগে তিনি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে। তিনি গত সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।