
রাজধানীর ব্যস্ত নদীবন্দর সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত দুজন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রী ওঠানামার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বুড়িগঙ্গা নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীদের মতে, ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী তোলা হচ্ছিল। ঠিক তখনই ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। এ সময় গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।