
বাংলাদেশে সংসদ সদস্যদের (এমপি) বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হয়েছে “The Member of Parliament (Remuneration and Allowance) Order, 1973” অনুযায়ী। বর্তমান নিয়মে একজন সংসদ সদস্য মাসিক মূল পারিশ্রমিক হিসেবে পান ৫৫ হাজার টাকা। এর পাশাপাশি বিভিন্ন খাতে আরও একাধিক ভাতা ও সুবিধা প্রদান করা হয়।
আইন অনুযায়ী, একজন এমপি প্রতি মাসে নির্বাচনী এলাকার ভাতা ১২,৫০০ টাকা এবং সম্মানী ভাতা ৫,০০০ টাকা পান। এছাড়া শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা, মাসিক পরিবহন ভাতা ৭০,০০০ টাকা এবং নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা বরাদ্দ রয়েছে।
সংসদ সদস্যদের জন্য আরও রয়েছে প্রতিমাসে লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা, ক্রোকারিজ ও টয়লেট কেনার জন্য ৬,০০০ টাকা এবং বাসায় টেলিফোন বিল বাবদ ৭,৮০০ টাকা। দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা এবং ইচ্ছাধীন তহবিল বাবদ বার্ষিক ৫ লাখ টাকাও পেয়ে থাকেন তারা। সংসদ ভবন এলাকায় এমপিদের থাকার জন্য এমপি হোস্টেলের ব্যবস্থাও রয়েছে।
এছাড়া ২০১৫–২০১৯ সাল পর্যন্ত সময়কালে একজন সংসদ সদস্য প্রতিবছর চার কোটি টাকা পর্যন্ত থোক বরাদ্দ পাওয়ার সুযোগ পেয়েছেন, যা আগে ছিল দুই কোটি টাকা।
সংবিধানের ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা ও বিশেষ অধিকার আইন দ্বারা নির্ধারিত হওয়ার কথা থাকলেও বর্তমানে ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশের মাধ্যমেই এসব সুবিধা প্রদান করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্যদের পারিশ্রমিক ও সুবিধা আইন দ্বারা নির্ধারিত হওয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।