
নড়াইলের নড়াইল সদর উপজেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া এবং খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই গ্রুপের ফেরদৌস হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়ন এলাকার সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রহমান খলিল, তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন নিহত হন।
এ সময় গুরুতর আহত হন খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।