
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর বণ্টন করা হয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মোট ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার তিনজন উপদেষ্টাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।
এছাড়া মন্ত্রী পদমর্যাদায় মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহদী আমিনকে একযোগে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনা করবেন।
অন্যদিকে রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।