বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ফিনল্যান্ডে গুগলের ডেটা সেন্টারের কাজ বন্ধের নির্দেশ

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডে প্রযুক্তি জায়ান্ট গুগলের দুটি ডেটা সেন্টার নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির উত্তর অঞ্চলের মুহোস ও কাজানি এলাকায় ১৩ বিলিয়ন ইউরো ব্যয়ে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা ইআইএ সম্পন্ন করার আগেই নির্মাণকাজ শুরু করায় ফিনিশ লাইসেন্সিং অ্যান্ড সুপারভিশন অথরিটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই নিয়মবহির্ভূতভাবে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছিল গুগল।

স্থানীয় পরিবেশবাদীদের অভিযোগের ভিত্তিতে এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে। ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন জানায়, মুহোস এলাকায় কোনো ধরনের মূল্যায়ন শেষ না করেই প্রায় ৩৩০ হেক্টর বনভূমি পরিষ্কার করা হয়েছে। এছাড়া কাজানি এলাকায় প্রায় ২০০ হেক্টর জমিতেও নির্বিচারে গাছ কাটা হয়েছে। পরিবেশবাদী সংগঠনের দাবি, অতিরিক্ত দ্রুতগতির কারণে নির্মাণস্থলগুলো প্রায় বালুভূমিতে পরিণত হয়েছে এবং ডেটা সেন্টার বাজারের অতিরিক্ত চাহিদার চাপে নিয়মকানুন পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

পরিবেশ বিভাগের পক্ষ থেকে গুগলকে অবিলম্বে পরিবেশের ক্ষতি করতে পারে এমন সব প্রস্তুতিমূলক কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্যও প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং নির্দেশনা অমান্য করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা কিংবা বড় অঙ্কের জরিমানা করা হতে পারে।

অন্যদিকে, পুরো ঘটনাটির জন্য নিজেদের কিছু ত্রুটির কথা স্বীকার করেছে গুগল। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ফিনল্যান্ডের বন আইন এবং স্থানীয় পরিবেশগত মান বজায় রেখেই কাজ করার চেষ্টা করেছে। একই সঙ্গে বনায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তাদের রয়েছে বলে দাবি করেছে গুগল। তবে কর্তৃপক্ষের প্রতিটি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page