
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার পথে এই পাশবিক নির্যাতনের শিকার হয় ওই শিশুটি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রাস্তা ফাঁকা পেয়ে লম্পট খিল্যু মারমা শিশুটিকে একা পেয়ে তার ওপর এই নির্যাতন চালায়।
স্থানীয় বাসিন্দারা গুরুতর ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটির সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা-পুলিশ যৌথভাবে এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত খিল্যু মারমাকে দ্রুত আটক করতে সক্ষম হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।