ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারটি কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা নজরুল ইসলাম একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার দুপুরের পর থেকে তাবাসসুম নিখোঁজ ছিল। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় এক কৃষক একটি রক্তমাখা বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।